প্রিন্ট এর তারিখঃ Nov 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 15, 2026 ইং
ধামরাইয়ে ২৩৫ পূজামণ্ডপে চাল ও আর্থিক অনুদান বিতরণ

ধামরাইয়ে ২৩৫ পূজামণ্ডপে চাল ও আর্থিক অনুদান বিতরণ
রনজিত কুমার পাল সিনিয়র রিপোর্টার -
ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ২৩৫টি পূজামণ্ডপে সরকারি বরাদ্দের চালের অর্থ ও ঢাকা জেলা পরিষদের আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। একই সঙ্গে প্রতিটি পূজামণ্ডপে একটি করে শাড়ি প্রদান করা হয়।
বুধবার চৌদ্দ অক্টোবর দুপুরে ধামরাই উপজেলা পরিষদ হলরুমে ধামরাই উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে এই চালের বরাদ্দপত্র ও অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।
ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মো. আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ধামরাই উপজেলা বিএনপির সভাপতি, ঢাকা ২০ ধামরাই আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি, ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্মের মানুষ যাতে উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নিরাপদ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে পারেন, সে জন্য সরকার ও স্থানীয় প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিয়েছে। পূজা চলাকালীন মণ্ডপগুলোতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি য়হোদয়,ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সামছুল ইসলাম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আতিকুর রহমান,
ধামরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রদীপ কুমার মজুমদার, সদস্য সচিব সাংবাদিক রনজিত কুমার পাল সহ উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ধামরাই উপজেলার ২৩৫টি পূজামণ্ডপ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ও সাংবাদিকবৃন্দ
উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv